
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকেঃ চুয়াডাঙ্গার উপজেলার আটকবর এলাকায় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় লাইসেন্স নবায়ন না করা, বেশি মূল্যে ও অবৈধভাবে সার-বিজ বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ অভিযানটি পরিচালনা করেন সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস দল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আটক কবর এলাকার মুদি দোকান, সার-বীজের দোকান ও বেকারিপণ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান তদারকি করা হয়। অভিযানকালে লাইসেন্স নবায়ন না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে মোছা: হাজিরা খাতুনের মালিকানাধীন মায়া বেকারীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।একই সঙ্গে বেশি দামে পণ্য বিক্রি, অবৈধভাবে সার-বীজ বিক্রয় এবং লাইসেন্স নবায়ন না থাকার আশরাফুল ইসলামের প্রতিষ্ঠান মেসার্স মদিনা ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বাজারে মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ ও বীজ বিক্রয় থেকে বিরত থাকার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান জনস্বার্থে নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।



Discussion about this post