
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে :- আলমডাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি ও এলাকার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব আইয়ুব আলী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়, শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইন্তেকালের খবরে আলমডাঙ্গা পৌরসভাসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা তার বাসভবনে ভিড় করেন শেষ শ্রদ্ধা জানাতে। মরহুম আইয়ুব আলীর জানাজা শুক্রবার বাদ জুম্মা আলমডাঙ্গা কলেজপাড়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা বিএনপি বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, পৌরসভার সাবেক মেয়র এম সবেদ আলি, বিএনপি নেতা শহীদুল কাউনাইন টিলু,শেখ সাইফুল ইসলাম,আখতার জোয়ার্দার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান ওল্টু ও সাবেক কাউন্সিল নাসির উদ্দীন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। পরে আলমডাঙ্গা জান্নাতুন নাঈম কবরস্থানে তাকে দাফন করা হয়। আইয়ুব আলী দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দলের সাংগঠনিক কার্যক্রমে তিনি ছিলেন সক্রিয় ও নিবেদিতপ্রাণ। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তার সরব উপস্থিতি ছিল বলে জানান স্থানীয়রা। তার মৃত্যুতে বিএনপির স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আইয়ুব আলীর ইন্তেকালে আলমডাঙ্গা পৌর বিএনপি একজন অভিজ্ঞ ও ত্যাগী নেতাকে হারাল—যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করছেন দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী।



Discussion about this post